
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল কাল, সদর উপজেলা ও পৌরসভা দলের লড়াই ঘিরে কুড়িগ্রামে ফুটবল উন্মাদনা।
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | ৩১.১০.২৬
কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া বহুল আলোচিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর পর্দা নামছে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর)। শিরোপা জয়ের লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলা ফুটবল দল ও কুড়িগ্রাম পৌরসভা ফুটবল দল। বহুল প্রতীক্ষিত এই ফাইনাল ম্যাচকে ঘিরে পুরো জেলাজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জমজমাট এই আয়োজনকে সফল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
গত ১ অক্টোবর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এবারের প্রতিযোগিতায় জেলার ৯টি উপজেলা দল এবং কুড়িগ্রাম পৌরসভা ফুটবল দলসহ মোট ১০টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে স্টেডিয়ামে পর্যাপ্ত গ্যালারি না থাকায় হাজার হাজার দর্শককে মাঠে দাঁড়িয়ে খেলা উপভোগ করতে হয়েছে। এমনকি জায়গার সংকটে অনেক দর্শক মাঠে প্রবেশ করতে না পেরে ফিরে যেতেও বাধ্য হয়েছেন।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু জানান, স্টেডিয়ামের প্রধান সমস্যা গ্যালারি সংকট। তবে ফাইনাল ম্যাচে দর্শকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠের ভেতরে বাঁশের বেড়া দিয়ে বিশেষ ঘেরাওয়ের ব্যবস্থা করা হয়েছে। এতে ফাইনাল ম্যাচ উপভোগ করতে দর্শকদের কোনো ধরনের ভোগান্তি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ১ লাখ টাকা এবং রানারআপ দল পাবে ৫০ হাজার টাকা। পাশাপাশি প্রতিটি খেলোয়াড়ের জন্য থাকছে পৃথক ব্যক্তিগত পুরস্কারের ব্যবস্থা।
রোমাঞ্চকর এই ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফাইনাল ম্যাচকে আরও আকর্ষণীয় ও বর্ণিল করে তুলতে উপস্থিত থাকবেন জাতীয় দলের তারকা ফুটবলার কোহিনুর রহমান ও মোসাব্বের হোসেন।
সব মিলিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনাল ঘিরে কুড়িগ্রাম স্টেডিয়ামে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের। কে জিতবে শিরোপা,কুড়িগ্রাম সদর উপজেলা, নাকি কুড়িগ্রাম পৌরসভা? সেই উত্তর মিলবে আগামীকালের ফাইনাল ম্যাচে।





