
পৌর মাঠ কি ছিনতাইকারীদের দখলে? জঙ্গি মামুনের বিরুদ্ধে ফের মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!
রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী পৌরসভার বড় মাঠে আবারও ছিনতাই, টাকা দাবি ও শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। সর্বশেষ এক কলেজছাত্রকে মারধর ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে মো. মামুন শেখ ওরফে জঙ্গি মামুনসহ কয়েকজনের বিরুদ্ধে।
গত ২৯ অক্টোবর দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে পৌর মাঠের ভেতর দিয়ে যাওয়ার সময় ওই কলেজছাত্রের পথরোধ করে টাকা দাবি করা হয় বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে নাকে ঘুষি মেরে গুরুতর আহত করা হয়। এ সময় মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। পরে তাঁকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ জানুয়ারি নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বড় মাঠে চাঁদাবাজি ও দর্শনার্থীদের হয়রানির অভিযোগে মো. মামুন শেখ ওরফে জঙ্গি মামুনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় নীলফামারী সদর থানায় মামলা হয়েছিল। পুলিশ সে সময় জানিয়েছিল, বড় মাঠে আসা দর্শনার্থীদের টার্গেট করে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে একটি চক্রের বিরুদ্ধে তদন্ত চলছে।
সর্বশেষ ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নীলফামারী সদর থানার ওসিকে মুঠোফোনে বিষয়টি জানানো হয়। ওসি লিখিত অভিযোগ দায়ের করতে বলেন এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পৌর মাঠে প্রতিদিন শিক্ষার্থী, কিশোর ও সাধারণ মানুষ অবসর সময় কাটাতে আসেন। সেখানে বারবার এমন অভিযোগ ওঠায় মাঠের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সচেতন নাগরিকরা।
পৌর মাঠে নিরাপত্তা জোরদার, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত এবং অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সাধারণ মানুষের প্রশ্ন—নীলফামারী পৌরসভার বড় মাঠে নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে কবে?





