
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন ঝিনাইগাতী উপজেলার গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটনসেবার মানোন্নয়ন এবং গজনীকে আরও পরিচ্ছন্ন, আকর্ষণীয় ও পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্যকে সামনে রেখে জেলা প্রশাসক পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে গজনী পর্যটন কেন্দ্রে শিউলী, কৃষ্ণচূড়া ও বকুল গাছের তিনটি চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইগাতী জনাব মো. আল আমীন, সহকারী কমিশনার (ভূমি), ঝিনাইগাতী মিজ্ অনিন্দিতা রাণী ভৌমিকসহ জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।





