
কক্সবাজারে ৬২ ইউনিয়নে ভোট, তফসিল এ মাসেই…
মোঃ তারেকুল ইসলাম (শাফিন)
চকরিয়া কক্সবাজার,
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আবারও সরগরম হয়ে উঠছে কক্সবাজার। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার ৭১টি ইউনিয়ন পরিষদের তথ্য হালনাগাদ করে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। তবে প্রশাসনিক ও সীমানা জটিলতার কারণে সব ইউনিয়নে একযোগে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল আজিজ জানান, কক্সবাজার সদর ও রামু উপজেলার কয়েকটি ইউনিয়ন প্রস্তাবিত সিটি করপোরেশনের আওতায় অন্তর্ভুক্ত হওয়ার কারণে সেখানে তফসিল ঘোষণা নাও হতে পারে। এছাড়া পেকুয়া ও চকরিয়ার কয়েকটি ইউনিয়নে সীমানা-সংক্রান্ত জটিলতা রয়েছে।
সব মিলিয়ে জেলার ৭১টি ইউনিয়নের মধ্যে ৬২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শেষ দিকে এসব ইউনিয়নের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচন কমিশনের নির্দেশনায় জেলা নির্বাচন অফিস সর্বশেষ নির্বাচনের তারিখ, জনপ্রতিনিধিদের প্রথম সভার তারিখ, মেয়াদ পূর্তির সময়, ভোটার তালিকা, ওয়ার্ড বিন্যাস, সীমানা ও মামলা-সংক্রান্ত তথ্যসহ প্রয়োজনীয় সব তথ্য কমিশনে পাঠিয়েছে।
এদিকে টেকনাফ, উখিয়া ও রামুর কয়েকটি ইউনিয়ন বিভাজনের আবেদন করলেও এ বিষয়ে এখনো কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ফলে আপাতত ৬২টি ইউনিয়নকে নির্বাচন উপযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অন্যদিকে, ভোটকেন্দ্র হালনাগাদ ও নির্বাচন উপযোগিতা যাচাইয়ের কাজও শেষ হয়েছে। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যেই সাধারণ নির্বাচন আয়োজন করতে হয়। সেই বিধান অনুসরণ করেই নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।
ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে বাড়ছে আগ্রহ। এখন সবার দৃষ্টি নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার দিকে।





